রঞ্জুউর রহমান ॥ ‘নির্ভুল নিবন্ধন নিশ্চিত হবে সুশাসন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, পরিবার পরিকল্পনা উপপরিচালক মোহাম্মদ আব্দুস সালাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকিউল আলম।
এ ছাড়া সভায় সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের মৌলিক অধিকার এবং রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জন্মনিবন্ধনের মাধ্যমে একজন শিশুর আইনগত পরিচয় নিশ্চিত হয়। শিক্ষা, স্বাস্থ্যসেবা, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রেও সঠিক জন্মনিবন্ধন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা বলেন, একইভাবে মৃত্যুর সঠিক নিবন্ধন রাষ্ট্রের জনসংখ্যা ও নাগরিকসংক্রান্ত নির্ভুল তথ্য সংরক্ষণে সহায়তা করে। সঠিক তথ্যের ভিত্তিতে রাষ্ট্রীয় পরিকল্পনা প্রণয়ন ও বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনাও সহজ হয়।
তারা আরও বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে কোনো ধরনের ভুল তথ্য বা অনিয়ম না করে নির্ধারিত সময়ে সঠিক তথ্য দিয়ে নিবন্ধন নিশ্চিত করতে হবে। এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে নিবন্ধন কার্যক্রম আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করা প্রয়োজন।
সভায় বক্তারা সঠিক তথ্যের ভিত্তিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার মাধ্যমে নাগরিক সেবা আরও কার্যকর করা এবং সুশাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।









