বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরের রাস্তাঘাট ধুলাবালি মুক্ত করতে ড্রাম ট্রাক চালকদের মধ্যে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে জেলা বিএনপির এক শীর্ষ নেতা। গতকাল শনিবার (৪ এপ্রিল) সকালে শহরের ব্রিজঘাটে এ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে ড্রাম ট্রাক চালকদের সঙ্গে সরাসরি কথা বলেন, জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
তিনি শহরের পরিবেশ রক্ষা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সড়কে ধুলাবালি নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরেন। এসময় ছাত্র নেতা বিপুল সহ অনেকে উপস্থিত ছিলেন। জেলা বিএনপির শীর্ষ নেতা প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, বালি বহনের সময় যথাযথভাবে ড্রাম ঢেকে রাখা, অতিরিক্ত বালু বা মাটি না নেওয়া এবং শহরের ভেতরে চলাচলের সময় সতর্কতা অবলম্বন করে বালু ঢেকে নিতে হবে।
এতে করে ধুলাবালি কমবে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই লাঘব হবে। শহরকে পরিচ্ছন্ন রাখতে সকলকে সচেতন হতে হবে। দৈনন্দিন কাজে বালি সকলের প্রয়োজন, তাই নিয়ম মেনে সকলকে চলার আহ্বান জানান তিনি। কর্মসূচিতে উপস্থিত ট্রাক চালকরাও এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও সতর্কভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কুষ্টিয়া শহরের বিভিন্ন সড়কে ধুলাবালির কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ নিয়মিতভাবে পরিচালিত হলে পরিস্থিতির উন্নতি সম্ভব বলে তারা আশা প্রকাশ করেন।
