আপনারা সচেতন হলে যানজট সমস্যা অনেকটাই সমাধান সম্ভব: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আপনারা সচেতন হলে যানজট সমস্যা অনেকটাই সমাধান সম্ভব: প্রকৌশলী জাকির সরকার 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৫, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ যানজট নিরসন ও ইজিবাইক চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে ইজিবাইক চালকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির সভাকক্ষে ইজিবাইক চালক ও মালিক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া ইজিবাইক চালক ও মালিক সমিতির আহবায়ক সজল আলী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ মতিয়ার রহমান। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সভায় ইজিবাইক চালকদের বিভিন্ন সমস্যা, এবং যানজটের মূল কারণগুলো নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।

এ সময় জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, শহরের ক্রমবর্ধমান যানজট নিয়ন্ত্রণে ইজিবাইক চালকদের দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চালকদের উদ্দেশ্যে তিনি নির্ধারিত রুট মেনে চলা, যত্রতত্র যাত্রী ওঠানামা না করা এবং ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর আহ্বান জানান। একই সঙ্গে অবৈধ স্ট্যান্ড ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়েও সতর্ক করা হয়।

এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমাদের শহরের অন্যতম বড় সমস্যা হচ্ছে যানজট, আর এই সমস্যার একটি বড় অংশ জড়িত ইজিবাইকের অব্যবস্থাপনার সঙ্গে। তবে আমি বিশ্বাস করি, আপনারা সচেতন হলে এই সমস্যা অনেকটাই সমাধান সম্ভব। তিনি আরো বলেন, আপনারা যারা ইজিবাইক চালান, আপনারা শুধু চালক নন, আপনারা এই শহরের পরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই আপনাদের দায়িত্বও অনেক বেশি। নির্ধারিত রুট মেনে চলা, যেখানে-সেখানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা না করানো এবং ট্রাফিক আইন মেনে চলা, এসব বিষয়ে আরও সচেতন হতে হবে।

আপনারা নিজেরাই শৃঙ্খলা বজায় রাখুন। কারণ শৃঙ্খলা বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না, এটি ভেতর থেকে তৈরি করতে হয়। এদিকে সভায় অংশগ্রহণকারী চালকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন, নির্দিষ্ট স্ট্যান্ডের অভাব, পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনা না থাকা এবং যাত্রীদের অসচেতনতা অনেক সময় বিশৃঙ্খলার সৃষ্টি করে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খুব শিগগিরই যানজট কমে আসবে এবং সড়কে শৃঙ্খলা ফিরবে।