বিশেষ প্রতিনিধি ॥ ‘লালনের গানে, গড়াইয়ের পাড়ে আমরা কুষ্টিয়াবাসী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ, বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২১ আগস্ট) দুপুরে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন: ড. খালেদ উজ্জামান মাননীয় উপাচার্য, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়। সভাপতিত্ব করেন: জাহিন বিশ্বাস এষা সভাপতি, কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়। সঞ্চালক ছিলেন: হৃত্বিক কুমার নাথ, সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়। এছাড়া বিভিন্ন সুধীজন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানানো এবং বিভিন্ন পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
এসময় বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের মাধ্যম নয়; একজন শিক্ষার্থীকে মানবিক, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য। কুষ্টিয়ার লালন শাহের দর্শন ও গড়াই নদীর ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, কুষ্টিয়ার রয়েছে সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য। লালনের অসাম্প্রদায়িক চেতনা ও মানবতার দর্শন ধারণ করে তরুণ প্রজন্মকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। এদিকে নবীনদের বরণ, বিদায়ীদের শুভকামনা এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে শেষ হয়।









