কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: অধ্যক্ষ সোহরাব উদ্দিন

বিশেষ প্রতিনিধি ॥  কুষ্টিয়ায় মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার  (১৬ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া জেলা পরিষদ  অফিসে, জেলা পরিষদের আয়োজনে শিক্ষা বৃত্তি প্রদান-বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভার.) পলাশ মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, কুষ্টিয়া সরকারি কলেজর অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুজ্জামান। এসময় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শিক্ষার্থীদের শিক্ষা গ্রহনে যেনো আর্থিক বাধা না আসে, সেজন্য জেলা পরিষদ সব সময় সহায়তা দিয়ে যাচ্ছে এবং আগামী দিনেও দরিদ্র শিক্ষার্থীদের পাশে থাকবে। 

তবে এবছরে এককালীন সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, জেলার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীরা অনেক সময় অর্থের অভাবে বই কিনতে পারে না। টাকার অভাবে কলেজে ফরম পুরন করতে পারে না। আশাকরি যারা এই সহায়তা পাচ্ছে তাদের শিক্ষা ক্ষেত্রে পথ চলায় কিছুটা সহজ হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বৃক্ষরোপণ কর্মসূচিকে বেগমান করার লক্ষে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়েছে।

প্রশাসক আরও বলেন, এই বৃত্তি শুধু একটি আর্থিক সহায়তা নয়, বরং এটি একটি প্রেরনা। আমাদের প্রত্যাশা তোমরা আরও মনোযোগ সহকারে পড়াশোনা করবে। সৎ ও আদর্শবান মানুষ হয়ে গড়ে উঠবে এবং একদিন এদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উক্ত অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভার:) পলাশ মন্ডল বলেন, আমরা সবাই জানি, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। আর দরিদ্র পরিবারে জন্ম গ্রহন করে যারা ভালো রেজাল্ট করে, তাদের অনেক সময়ই অর্থনৈতিক সঙ্কটে পড়ে যায়।

কিন্তু মেধা কখনো দারিদ্র্যের কাছে হার মানতে পারে না। এই বিশ্বাস থেকেই কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে আমরা এই বৃত্তি প্রদান কর্মসূচি সফল ভাবে শেষ করতে পেরেছি। তিনি বলেন, তোমাদের কষ্টার্জিত সাফল্য একদিন এদেশের সু-নাম বয়ে আনবে। সকল শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক কামনা করেন তিনি। উল্লেখ্য, কুষ্টিয়া জেলা পরিষদের ২০২৫-২০২৬  অর্থবছরে এসএসসি/সমমান, এইচএসসি/সমমান জিপিএ ৫.০০ প্রাপ্ত ও স্নাতক/সমমান ১ম বর্ষ/২য় বর্ষ ও ৩য় বর্ষ মোট ৩৮৬ জন মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

প্রত্যেক শিক্ষার্থীকে ৫হাজার করে নগদ অর্থ  ১৯৭ জনকে ও বিকাশের মাধ্যমে ১৮৯ জনকে প্রদান করা হয়। পরে বৃত্তিপ্রাপ্ত আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা ডিগ্রী কলেজ খোকসা পড়ুয়া শিক্ষার্থী জেবা ফারিয়া জানান, এই বৃত্তি পেয়ে আমি খুবই আনন্দিত। আমার বাবা অতি স্বল্প বেতন পেয়েও আমার লেখাপড়ার খরচ বহন করছেন। সে ক্ষেত্রে আজকের এই শিক্ষাবৃত্তি আমার পড়াশোনার কিছুটা হলেও সহজ হবে। জেলা পরিষদকে ধন্যবাদ জানাই।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর