কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুর

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ফুটবল খেলাকে কেন্দ্র কে ছাত্রদলনেতাকে না পেয়ে তার মামার বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কুশলীবাসা গ্রামের স্কুল পাড়ায় এ হামলার ঘটনা ঘটে। ওই ছাত্রদলনেতার নাম মো. শিমুল পারভেজ। তিনি কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

এছাড়াও তিনি চাদপুর ইউনিয়নের কুশলীবাসা গ্রামের স্কুল পাড়ার কৃষক মহিদুল ইসলামের ভাগ্নে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কুশলীবাসা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কুশলীবাসা স্পোর্টিং ক্লাবের নামে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে ছাত্রদলনেতা শিমুল পারভেজ, তার মামাতো আকাশসহ তাদের সমর্থকরা। এ নিয়ে ছাগলাপাড়ার শাহিন, মিতুল ও লিখনদের বিরোধ চলছিল। এরমধ্যে মঙ্গলবার বিকেলে পথিমধ্যে প্রতিপক্ষের আলম শেখকে মারধর করে ছাত্রদলনেতা শিমুলের সমর্থকরা। এরপর রাত ৯টার দিকে ছাগলাপাড়ার ১৫০-২০০ জন শিমুলের মামা বাড়িতে হামলা চালায়।

স্বজনদের অভিযোগ, ফুটবল খেলাকে কেন্দ্র করে কুশলীবাসা গ্রামের ছাগলাপাড়া এলাকার শাহিন আলী(৪০), মিৎধুস(২০) ও লিখন শেখের (২২) নেতৃত্বে প্রায় ১৫০-২০০ জন দেশীয় অস্ত্রসস্ত্রসহ রাত ৯টার দিকে আকস্মিক হামলা চালিয়ে বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। নগদ তিন লক্ষাধিক টাকা, ল্যাপটপ, কম্পিউটারের পিসি, ছয় বস্তা ধান লুটপাট করেছে হামলাকারীরা। সবমিলে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির প্রাথমিক ধারণা করা হচ্ছে।

গতকাল বুধবার ( ২ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিন দেখা যায়, কুশলীবাসা – ধলনগর বাজার সড়কের স্কুলপাড়া এলাকায় ছাত্রদলনেতা শিমুলের মামার টিনশেডের আধাপাকা ঘর। ঘরের বেড়া, ভিতরের আসবাব ও বিদ্যুতের মিটারের ভাঙচুরের ক্ষত। ভিড় করছে স্বজন ও প্রতিবেশীরা। এ সময় শিমুলের মামী আছিয়া খাতুন বলেন, স্কুলের ওপর খেলা নিয়ে কি ঘটেছে তা জানিনা। সবাই খাতি বয়ছে। আনুমানিক রাত ৯টার দিকে ছাগলাপাড়ার ১৫০-২০০ জন লোক একযোগে বাড়িতে হামলা করে। আমরা ভয়ে দৌড়ি দিয়ে পালায়। আর ওরা ঘরবাড়িতে ভাঙচুর করে লুটপাট করে নিয়ে গেছে। তার ভাষ্য, মাত্র ১০ মিনিটের তাণ্ডবে নগদ তিন লাখ ৩০ হাজার টাকা, ল্যাপটপ, কম্পিউটারের পিসি, ৬বস্তা ধান নিয়ে গেছে।

এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। শিমুলের মামাতো ভাই রাকিব হোসেন বলেন, বিকেলে স্কুল মাঠে ছাগলাপাড়ার ছেলেপেলে খেলা করছিল। তখন আমি, আমার ভাই আকাশ ও ফুপাতো ভাই শিমুল মাঠে বসেছিলাম। হঠাৎ ওরা আসে আমাদের মারধর শুরু করে। আবার রাতে বাড়িতে বিনাকারণে হামলা – লুটপাট করেছে। তার ভাষ্য, মাঠে টুর্নামেন্ট ছাড়াকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা।

ছাত্রদলনেতা শিমুল পারভেজ বলেন, মাঠে টুর্নামন্ট ছাড়া হয়েছে। কয়েকদিন আগে প্রস্তুতি ম্যাচে ছাগলাপাড়ার শাহিন, মিতুল, লিখনরা বাঁধা দেয়। এনিয়ে ঝামেলা চলছিল। এরই জেরে মঙ্গলবার বিকেলে ওরা আমাদের তিন ভাইকে মারধর করে। আবার রাতে আমাদেও বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। থানায় মামলা করা হবে। তার ভাষ্য, তিনি ২০১৭ সাল থেকে মামা বাড়িতে থেকে পড়াশোনা করছেন। লুটপাটের অভিযোগ অস্বীকার করলেও ভাঙচুরের কথা স্বীকার করেছে ছাগলাপাড়ার লোকজন। এই পাড়ার তজের আলীর ছেলে তোরাব আলী বলেন, ওই মাঠে ছাগলাপাড়ার ছেলেপেলের খেলতে দেয়না শিমুলরা।

এনিয়ে বিরোধ চলছিল। গত ( মঙ্গলবার) বিকেলে আমাদের একজনকে মারধর করেছিল। রাতে অল্পবয়সের ছেলেপেলে জড়ো হয়ে ভাঙচুর করে ফেলেছে। আমরা ঠেকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তবে কেউ লুটপাট করেনি। ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন থানার ওসি জামাল উদ্দিন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর