মিরপুর প্রতিনিধি ॥ রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে প্রথমে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার। এছাড়া উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান শাহীন, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতিতে মাছ চাষ, দেশীয় মাছের সংরক্ষণ এবং মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।









