মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে মাদকবিরোধী অভিযানে রায়হেন (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২০০ পিস ইয়াবা, ৪৫ গ্রাম হেরোইন ও নগদ ৩৬ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন আমলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) রাকিবুজ্জামান।
পুলিশ সূত্রে জানা যায়, কাতলামারী বাজারে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রায়হেনকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা, ৪৫ গ্রাম হেরোইন ও নগদ ৩৬ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয় বলে পুলিশের দাবি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।









