বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সাগরের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা, জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে আর্থিক সহযোগিতা দেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও একটি সূত্রের দাবি, অনলাইন প্ল্যাটফর্মে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ ও বৈঠকের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছেন সাগর। একই সঙ্গে পলাতক নেতাদের বিভিন্ন কার্যক্রমে আর্থিক সহযোগিতা দেওয়ার অভিযোগও করেছেন তাঁরা।
স্থানীয়রা জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে হানিফ ও আতাউর রহমান আতার সঙ্গে সাগরের ঘনিষ্ঠতা ছিল। ওই রাজনৈতিক সম্পর্ক কাজে লাগিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ওপর নির্যাতন এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগও তাঁর বিরুদ্ধে তোলা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মাহবুব উল আলম হানিফ ও আতাউর রহমান আতা আত্মগোপনে চলে গেছেন বলে বিভিন্ন সূত্রের দাবি। এরপরও সাগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করা ও দলটিকে পুনর্বাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অতীতে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে এলাকায় আধিপত্য বিস্তার এবং রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করতেন সাগর। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে,সাগরের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।









