বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থানে ৪১টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী তিনি এসব মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এছাড়া সনাতনধর্মের অসহায় মানুষের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়।
পরিদর্শনকালে জাকির হোসেন সরকার মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন। এদিকে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত কুষ্টিয়া পৌর এলাকার বিভিন্ন মণ্ডপেও যান তিনি। এ সময় আয়োজিত মতবিনিময় সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন বিএনপির এই নেতা।
জাকির হোসেন সরকার বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আবহমানকাল ধরে এ দেশের সব ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করে আসছেন। এই সম্প্রীতি জাতীয় ঐতিহ্য ও ঐক্যের শক্তি। জন্মসূত্রে অন্য ধর্মাবলম্বীদের মতো সনাতন ধর্মাবলম্বীরাও এ দেশের নাগরিক।
তিনি বলেন, দুর্গোৎসব সবার জন্য আনন্দের উপলক্ষ। কোনো অশুভ শক্তি যাতে সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় কুষ্টিয়া পৌর বিএনপি সভাপতি এ কে বিশ্বাস বাবু, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন ও আব্দুল মঈদ বাবুল, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জামির হোসেনসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় পূজা উদ্যাপন কমিটির নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।









