কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

চিকিৎসার মানোন্নয়নে ব্যবস্থা নেওয়া হবে: এমপি বাচ্চু মোল্লা 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও নার্সের সংকট নিরসন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং আসবাবপত্রের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। হাসপাতালের জরুরি প্রয়োজনে নিজের সংসদীয় বরাদ্দ থেকে আসবাবপত্র সরবরাহের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

 

গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে হাসপাতালের ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার মানোন্নয়ন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বাচ্চু মোল্লা। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নবনিযুক্ত সভাপতি হিসেবে সভায় অংশ নেওয়ার পর তিনি হাসপাতালের বিভিন্ন কার্যক্রমও পরিদর্শন করেন।

 

সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, মেডিকেল কলেজের উপপরিচালক ডা. আকুল উদ্দিন, হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক ডা. নাসিমুল বারী বাপ্পি, জেলা বিএনপির সদস্য আবু তালেব এবং জেলা যুবদলের সভাপতি ফুহাদ রেজা ফাহিম ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি। এ সময় সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বিসহ রাজনৈতিক নেতাকর্মী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভায় হাসপাতালের চিকিৎসক ও নার্সের সংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাব এবং রোগীদের সেবার মান উন্নয়নে বিভিন্ন সীমাবদ্ধতার বিষয় উঠে আসে। এসব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন সভায় অংশ নেওয়া ব্যক্তিরা।

 

রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন ও রোগীদের ভোগান্তি কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসক ও নার্সের সংকট নিরসন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করতে মন্ত্রণালয়কে অবহিত করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

 

তিনি আরও বলেন, হাসপাতালের সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করা হবে। জরুরি প্রয়োজনে তাঁর সংসদীয় বরাদ্দ থেকে আসবাবপত্র সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম ও জনবলসংকটের বিষয়গুলো সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে।

 

বাচ্চু মোল্লা বলেন, ‘আমি চাই, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সাধারণ মানুষের আস্থার জায়গা হয়ে উঠুক। কোনো রোগী যেন প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে জন্য হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

 

জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, নতুন সভাপতি সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার উদ্যোগে হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তাঁরা আশা করছেন। মানুষের চিকিৎসার অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।

 

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শহিদুল ইসলাম বলেন, হাসপাতালের সমস্যা সমাধানে ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি যে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন, তা বাস্তবায়িত হলে চিকিৎসাসেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। হাসপাতালের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর