বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় পৌরসভার বরাদ্দকৃত দোকানঘর উচ্ছেদের প্রতিবাদ এবং দ্রুত পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। গতকাল সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে শহরের কাটাইখানা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী নেতা রাশিদুল ইসলাম মিঠু, সোহেল আহম্মেদ সোহেল, শরিফুল ইসলাম শাহিদ, নিখিল দত্ত, ইয়াকুব বিশ্বাস, করম মোল্লা, মজিবর রহমান মজি, আব্বাস উদ্দিন ঝন্টু, আবুল কাশেম, লাল্টু, ইসলাম ও মঙ্গলসহ আরও অনেকে বক্তব্য রাখেন। এ সময় কাটাইখানা মোড় ও কলেজ মাঠ সংলগ্ন দোকান মালিক-ব্যবসায়ী সমিতির সদস্যসহ কয়েকশ’ সাধারণ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, কাটাইখানা মোড়ে একটি মসজিদসহ প্রায় ২৫০টি বৈধ দোকান রয়েছে, যেগুলোর ওপর নির্ভর করে প্রায় পাঁচ হাজার পরিবারের জীবিকা নির্বাহ হয়। উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে রাস্তা বা ড্রেন নির্মাণে প্রয়োজনীয় জায়গা ছাড়তে তারা আপত্তি না থাকলেও, সম্পূর্ণ উচ্ছেদের বদলে সীমিত পরিসরে পুনর্বাসনের দাবি জানান তারা। তাদের ভাষ্য, প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতে ছোট পরিসরে দোকান রেখে ব্যবসা চালিয়ে যাওয়ার বিষয়ে তারা সম্মত ছিলেন।
কিন্তু মানবিক দিক বিবেচনা না করে হঠাৎ উচ্ছেদ কার্যক্রম চালানো হলে বহু পরিবার চরম দুর্ভোগে পড়বে। বক্তারা আরও বলেন, কলেজ মোড়ে রাস্তার পাশের প্রায় ২৯টি ফার্মেসি দোকান যেভাবে পুনর্বাসন করা হয়েছে, একইভাবে তাদের জন্যও ব্যবস্থা নেওয়া উচিত। অন্যথায়, দাবি আদায়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
