কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারা হাসপাতালে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন কুষ্টিয়া সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তিনি হাসপাতালে উপস্থিত হয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা ও হাসপাতালের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পরিদর্শনকালে হাসপাতালের জরুরি বিভাগ, ভর্তি রোগীদের ওয়ার্ড এবং চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন সিভিল সার্জন। এ সময় রোগীদের কাছ থেকে সেবার মান সম্পর্কে সরাসরি মতামত নেন তিনি।

হাসপাতাল চত্বরে বেসরকারি অ্যাম্বুলেন্সের অবস্থান দেখে অসন্তোষ প্রকাশ করেন সিভিল সার্জন। তিনি বলেন, “একটি চক্র বেসরকারি অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালকে জিম্মি করে রেখেছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ শুনে আসছি। আজ আকস্মিক পরিদর্শনে এসে সেই অভিযোগের সত্যতা দেখতে পেলাম। রোগীদের স্বার্থে এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, সরকারি হাসপাতালের সেবাকে বাধাগ্রস্ত করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী সুবিধা আদায়ের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। রোগীদের নিরাপদ ও নির্বিঘ্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের তদারকি আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

পরে সিভিল সার্জন ভেড়ামারা কোচস্ট্যান্ড এলাকায় অবস্থিত বেসরকারি  নিরাময় ক্লিনিক পরিদর্শন করেন। এ সময় তিনি ক্লিনিকটির চিকিৎসাসেবা, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করেন। সিভিল সার্জনের এ আকস্মিক পরিদর্শনে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, স্বাস্থ্যখাতে অনিয়ম ও দালালচক্রের বিরুদ্ধে প্রশাসনের এমন তৎপরতা রোগীদের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে। 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর