ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় জমি নিয়ে বিরোধের জেরে রাতের আঁধারে এক কৃষকের জমি থেকে প্রায় ৪৫ মণ ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম মৌজায় ৯৯ শতক জমি নিয়ে কৃষক মো. বাবলু মালিথা (৫০) এর সঙ্গে একই এলাকার মো. সোনা মালিথা, মো. মুকুল মালিথা ও মো. নজরুল মালিথাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১২ নভেম্বর রাত ১২টার পর প্রতিপক্ষের লোকজন অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে সঙ্গে নিয়ে তাঁর জমির ধান কেটে নিয়ে যান বলে অভিযোগ করেছেন বাবলু মালিথা।
ভুক্তভোগীর দাবি, জমি থেকে প্রায় ৪৫ মণ ধান কেটে নেওয়ায় তাঁর আনুমানিক ৫২ হাজার টাকার ক্ষতি হয়েছে। ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ওই কৃষক। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ধান কাটার ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একটি কল এসেছিল। খবর পেয়ে থানার একজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, জমি নিয়ে বিরোধের জেরে ফসল কেটে নেওয়ার অভিযোগের ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও কৃষকের ক্ষয়ক্ষতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।









