কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সার্ধশতবর্ষ উৎসব উদযাপন

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গৌরবময় দেড়শ বছরের পথচলা উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে সার্ধশতবর্ষ উৎসব। গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উদযাপন করা হয়। উৎসবকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং অতিথিদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

 

সকাল ৯টায় বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রার মধ্য দিয়ে সার্ধশতবর্ষ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সকাল ১০টায় অতিথিদের আসন গ্রহণ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনা বেগমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক। এ সময় বিশেষ অতিথি ও প্রধান অতিথি তাঁদের বক্তব্যে বিদ্যালয়ের দীর্ঘ দেড়শ বছরের গৌরবময় ইতিহাস, শিক্ষা বিস্তারে অবদান এবং নারী শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটির ভুমিকার কথা তুলে ধরেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল লতিফ, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আর তৈয়ব মো. ইউনুছ আলী, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এ এম জুবায়েদ রিপন, কুষ্টিয়া জেলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহা. আমিরুল ইসলাম এবং কুষ্টিয়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনা বেগম।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের দেড়শ বছর পূর্তি শুধু একটি প্রতিষ্ঠানের অর্জন নয়, এটি একটি জনপদের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক অগ্রযাত্রার ইতিহাস। কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে নারী শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। এ প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং আধুনিক ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে বিদ্যালয়টি অগ্রণী ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সার্ধশতবর্ষ উপলক্ষে প্রকাশিত স্মারক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন। এতে বিদ্যালয়ের দেড়শ বছরের ইতিহাস, ঐতিহ্য, অর্জন ও স্মৃতিময় পথচলার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। দ্বিতীয় পর্বে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি মধ্যাহ্নভোজ ও ফটোসেশনের মধ্য দিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

দেড়শ বছরের এই গৌরবময় অর্জনকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয় কর্তৃপক্ষের এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, আবেগ ও স্মৃতিচারণের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর