ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় জনস্বার্থে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ২৭ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় এক বিক্রেতাকে ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
গতকাল রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার কলেজ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’ বাস্তবায়নে কলেজ বাজারে অভিযান চালানো হয়। বাজারে বিক্রি উদ্দেশ্যে আনা ২৭ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে আইনের ৫ ধারায় অভিযুক্তকে ২০০ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে জব্দকৃত আফ্রিকান মাগুর মাছ জনসম্মুখে বিনষ্ট করা হয়।
অভিযানে ভেড়ামারা থানার এসআই নাইমুজ্জামানসহ পুলিশের একটি দল এবং উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার জানান, নিষিদ্ধ মাছ বিক্রি রোধ এবং মৎস্য সম্পদ সুরক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









