ভেড়ামারায় গৃহবধূর ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় গৃহবধূর ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৪, ২০২৬

প্রবাসী স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রবাসী স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গৃহবধূ মোছাঃ বৃষ্টিআরা খাতুন (২৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ভেড়ামারা উপজেলার জণেশ্বর (সর্দারপাড়া) এলাকার মোঃ আক্কাসের ছেলে প্রবাসী মোঃ মাসুম (৩০)-এর সঙ্গে মুঠোফোনে বিয়ে হয় বৃষ্টিআরার। বিয়ের পর থেকে মাসুম ভিডিও কলের মাধ্যমে স্ত্রীর ব্যক্তিগত ছবি সংগ্রহ করেন। পরবর্তীতে আরও আপত্তিকর ছবি পাঠাতে চাপ সৃষ্টি করলে বৃষ্টিআরা এতে রাজি হননি। এরপর থেকেই তাকে গালিগালাজ ও হুমকি দেওয়া শুরু হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, সম্প্রতি দেশে ফিরে ব্যবসার কথা বলে মাসুম স্ত্রীর পরিবারের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে পূর্বে সংগ্রহ করা ছবি ও ভিডিও বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তিনি। এতে ভুক্তভোগী ও তার পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করা হয়েছে। লিখিত অভিযোগে আরও বলা হয়, মাসুম ইমো, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাক করে নিয়ন্ত্রণে নিয়েছেন।

বিষয়টি তার বাবা মোঃ আক্কাসকে জানানো হলেও কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন বৃষ্টিআরা। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।