সবুজ আলী, খোকসা ॥ কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বিলজানি বাজার এলাকায় ট্রাক ও করিমনের মুখোমুখি সংঘর্ষে করিমন চালক মুন্না (১৯) নিহত হয়েছেন। গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮:১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মতালেবের ছেলে। তিনি বাবা-মা, স্ত্রী ও দুই বছর বয়সী এক ছেলে রেখে গেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থেকে কয়েকটি করিমন একসঙ্গে পাংশার মাছপাড়া এলাকায় পাটকাঠি আনতে যাচ্ছিল।
পথে বিলজানি বাজারে পৌঁছালে রাজবাড়ীগামী মালবোঝাই ট্রাক (নম্বর: কুষ্টিয়া-ট ১১-২১৩৯) এর সঙ্গে মুন্নার করিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।মুন্নার সঙ্গে থাকা অপর করিমন চালক রাজন জানান, রাস্তার এক পাশে করিমনের চাকা সরে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর তারা মাল আনতে না গিয়ে নিহতের মরদেহ নিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। প্রত্যক্ষদর্শী সোহেল রানা বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয়রা ট্রাকটি আটক করে রাখে এবং পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। খোকসা থানার এসআই হাবিবুর রহমান জানান, ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ট্রাকটি জব্দ করা হয়েছে পুলিশকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হালিম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শন করেছে। ঘাতক চালক পালিয়ে যেতে সক্ষম হলেও ড্রাম ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।









