খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৯ই আগস্ট ২০২৬, ১:৫০ এএম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় ড. কাজী মোতাহার হোসেন দাবা একাডেমির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টার দিকে জেলার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম চত্বরে দাবা একাডেমির উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। দাবা খেলাকে জনপ্রিয় করা এবং নতুন প্রজন্মের মধ্যে মেধা, মনন ও কৌশলগত চিন্তাশক্তির বিকাশে এ একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, কুষ্টিয়ার তরুণ ও শিশু-কিশোরদের দাবার প্রতি আগ্রহী করে তুলতে নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন করা হবে। তিনি বলেন, ড. কাজী মোতাহার হোসেন ছিলেন উপমহাদেশের অন্যতম বিশিষ্ট ব্যক্তি দাবা সংগঠক। তাঁর নামে প্রতিষ্ঠিত এই দাবা একাডেমি নতুন প্রজন্মের দাবাড়ু তৈরিতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া এসিপিবির সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাধারণ সম্পাদক মুহায়মেনুল ইসলাম খোকন ও যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম মঞ্জু। রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুল গাফফার।
সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিকু প্রমূখ। এছাড়া স্থানীয় ক্রীড়াবিদ, দাবা খেলোয়াড়, সংগঠক, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনের মধ্য দিয়ে কুষ্টিয়ায় দাবা চর্চার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, এসিপিবির আয়োজনে ও জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের উদ্যোগে কুষ্টিয়ায় দাবা একাডেমি উদ্বোধন করা হয়েছে। আয়োজকরা জানান, একাডেমির মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের নিয়মিত দাবা প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি করা হবে। ভবিষ্যতে এখান থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দাবাড়ু গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য