ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর বাজার সংলগ্ন ‘শিক্ষা ও সাংস্কৃতিক সংসদ’ ক্লাবের পাশে থাকা প্রায় ৪০ বছরের বেশি পুরনো একটি সরকারি নিম গাছ কেটে সাবাড় করার পর এবার তা সম্পূর্ণ গায়েব করে দেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি সম্পত্তি জিম্মায় থাকার পরও তা চুরি হয়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন ও দায়িত্বে থাকা গ্রাম পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরেজমিনে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর উক্ত ক্লাবের পাশে অবৈধভাবে সরকারি গাছ কাটার খবর পেয়ে সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাতকে জানানো হলে তিনি দ্রুত সেখানে গ্রাম পুলিশ পাঠান এবং গাছ কাটা বন্ধ করেন।
পরবর্তীতে বন কর্মকর্তা জাহিদ হাসান ঘটনাস্থলে এসে কাটা গাছের আনুমানিক খড়ির হিসাব সম্পন্ন করেন এবং গাছটি যেন আর কাটা বা সরানো না হয়, সেজন্য স্থানীয় গ্রাম পুলিশের জিম্মায় দিয়ে আসেন। কিন্তু এর মাত্র এক সপ্তাহ পর, গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায় জিম্মায় থাকা সেই মূল্যবান সরকারি নিম গাছটি আর সেখানে নেই। রাতের আঁধারে বা সুযোগ বুঝে গাছটি সম্পূর্ণ লোপাট করা হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, প্রশাসনের নির্দেশে গ্রাম পুলিশের পাহারায় থাকার পরও কীভাবে একটি আস্ত সরকারি গাছ গায়েব হয়ে গেল? এই চুরির পেছনে স্থানীয় কোনো প্রভাবশালী চক্র বা জিম্মাদারের অবহেলা জড়িত কি না, তা খতিয়ে দেখতে এবং সরকারি সম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।









