মিরপুরে তেল নেয়াকে কেন্দ্র করে দুই বিএনপি নেতার মুখোমুখি তর্ক
মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় তেল নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই নেতার মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জানা যায়, মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুলের মধ্যে মিরপুরস্থ মল্লিক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তেল নেওয়ার লাইনে দাঁড়ানো নিয়ে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে তা তর্ক-বিতর্কে রূপ নেয়। ভিডিওতে দেখা যায়, উভয় নেতাই একে অপরের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন এবং বলতে শোনা যায় তুই বিএনপি করিস, আমিও বিএনপি করি এমন মন্তব্য করে উত্তেজিত হয়ে পড়েন তারা। পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে উঠলেও পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই দলের শৃঙ্খলা ও নেতাদের আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন।
এ বিষয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ঘটনাটি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি সংশ্লিষ্ট নেতাদের পক্ষ থেকে। তবে ভিডিওটি প্রকাশের পর থেকে মিরপুর উপজেলা জুড়ে চলছে ব্যাপক আলোচনা।
