বিশেষ প্রতিনিধি ॥ সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), কুষ্টিয়ার আয়োজনে নগরীর পাঁচ রাস্তার মোড়ে “পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন: এখনই সময় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে কার্যকর পদক্ষেপের” প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদ্যাপনের অংশ হিসেবে কুষ্টিয়া সনাকের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১০ জুন) সকালে কুষ্টিয়া সনাক সভাপতি আসমা আনসারী মীরুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সদস্য মোঃ রফিকুল আলম, নজরুল ইসলাম, অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) সদস্য ইমন আলী স্বপন প্রমূখ।
স্বাগত বক্তব্যে মোঃ রফিকুল আলম বলেন, পরিবেশ সুরক্ষায় সকলের অংশগ্রহণ প্রয়োজন। প্লাস্টিক দূষণসহ অকার্যকর বর্জ্য ব্যবস্থাপনা থেকে সৃষ্ট জলাবদ্ধতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে আসতে হবে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা ঢেলে সাজাতে হবে। ইয়েস সদস্য শিল্পী সরকারের উপস্থাপনায় মানববন্ধনে টিআইবি’র ধারণাপত্র পাঠ করেন প্রিয়তা আক্তার। টিআইবি’র পক্ষ থেকে জ্বীবাশ্মভিত্তিক উৎস থেকে দ্রুত নবায়নযোগ্য জ্বালানিতে স্থানান্তরের জন্য একটি সময়োপযোগী ও সমন্বিত জ্বালানি নীতি প্রণয়ন করা, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধিতে সরকারের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা, এই খাতসংশ্লিষ্ট যন্ত্রপাতি আমদানিতে শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর হ্রাস করা এবং ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে ভর্তুকি ও প্রণোদনার ব্যবস্থা করা, নবায়নযোগ্য জ্বালানি সংশ্লিষ্ট যন্ত্রপাতি স্থানীয়ভাবে উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি করাসহ ১২ টি সুপারিশ উপস্থাপন করা হয়।
সভাপতির বক্তব্যে আসমা আনসারী মীরু বলেন, পরিবেশ রক্ষা করবার জন্য আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। প্রতিটি ক্ষেত্রে সকলের অংশগ্রহণ প্রয়োজন। আমরা প্লাস্টিকের ব্যবহার কমাবো। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলব না। আমরা পানি ও বিদ্যুতের অপচয় রোধ করব। বেশি বেশি বৃক্ষরোপণ ও তার পরিচর্যায় গুরুত্বারোপ করতে হবে। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, এফপিএবি’র প্রতিনিধি আজিজুর হক, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রতিনিধি শ্যামলী খাতুন, সেতুর প্রতিনিধি হারুন অর রুশিদ, মোঃ মিজানুর রহমান, দিশার প্রতিনিধি অ্যাডভোকেট কামরুন নাহার, সনাক সদস্য তহ্মিনা চৌধুরী ঝর্না, সুভাশীষ সাহা, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ রায়হানুল ইসলামসহ রেড ক্রিস্টেন্ট সোসাইটি, বিডি ক্লিন, টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সার্পোট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি), কুষ্টিয়ার সদস্যবৃন্দ।
