বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২০, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদরের দুর্বাচারায় এক যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানদের মঙ্গল কামনায় ২২তম বার্ষিক ২৪ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার (১৯ এপ্রিল) রাত ৭টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচার সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে, সনাতন ধর্মাবলম্বীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অতিথিদের আমন্ত্রণ জানানো হয়।

এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, উজানগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাবুবিন সাবুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে এলাকার বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। দিনব্যাপী চলা এ আয়োজনে নামকীর্তন, পূজা-অর্চনা এবং ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। তবে আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে বলে আয়োজকরা জানান।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অধিকার সমান, এবং সেই অধিকার রক্ষায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা যেমন এই দেশের নাগরিক, তেমনিভাবে আপনারাও এই দেশের সমান অধিকারভোগী নাগরিক। তিনি বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করে আসছে।

এই ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে। তিনি আরো বলেন, কোনোভাবেই বিভেদ সৃষ্টি করা যাবে না। আমাদের লক্ষ্য হওয়া উচিত ঐক্য, শান্তি ও উন্নয়ন। সমাজে সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এছাড়া আয়োজকরা জানান, সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনায় প্রতিবছর এ মহানাম যজ্ঞের আয়োজন করা হয়।

এ ধরনের ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ভক্তদের মধ্যে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পায় এবং পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হয়। এদিকে অংশগ্রহণকারী ভক্তরা বলেন, মহানাম যজ্ঞ মানুষের মনকে পবিত্র করে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় এবং দেশের সার্বিক শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।