বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিকল্পনা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ১৬ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল সোমবার (১৮ মে) সকাল ১০টায় কুষ্টিয়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সভায় বিগত মাসে গৃহীত কল্যাণমূলক প্রস্তাবসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটে কর্মরত সদস্যদের সমস্যা, তার সমাধান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় এপ্রিল ২০২৬ মাসে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ এসআই, এএসআই, সার্জেন্ট/টিএসআই, সেরা ওয়ারেন্ট তামিলকারী অফিসার ও চৌকস কনস্টেবলসহ তিনটি ক্যাটাগরিতে মোট ১৬ জন পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।
এছাড়া সদ্য অবসরে যাওয়া এক পুলিশ সদস্যকে সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়। কল্যাণ সভা শেষে দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ–এর সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি এবং পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদারসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, গোয়েন্দা শাখা ও সংশ্লিষ্ট ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
