বিশেষ প্রতিনিধি ॥ “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬। এ উপলক্ষে গতকাল বুধবার (২০ মে) সকাল ১০টায় কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কার্যালয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন এবং বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিটের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধি, অগ্নি নিরাপত্তা সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করা এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যেই সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে। অনুষ্ঠানের অংশ হিসেবে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
