খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২১ই মে ২০২৬, ১:৩৮ এএম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২০ মে) দুপুর ১২টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মেধাবৃত্তি অর্জন শুধু সম্মানের নয়, এটি ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমেও সম্পৃক্ত থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি (বিআরপিওডব্লিউএ) কুষ্টিয়া শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মওলা বকস্, সেক্রেটারি মোঃ শহিদুল্লাহ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাজমুল আরেফিন, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষা ক্ষেত্রে আরও ইতিবাচক পরিবেশ গড়ে তুলতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য