পাটিকাবাড়ী ইউনিয়নে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পাটিকাবাড়ী ইউনিয়নে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১১, ২০২৬

আজাদ সানি ॥ কুষ্টিয়ার পাটিকাবাড়ী ইউনিয়নের গতকাল এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অন্তঃপ্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। পাটিকাবাড়ী ইউনিয়নের মাজিলা ফুটবল মাঠে দিনব্যাপী এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে ইউনিয়নের ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল। গাজী রকিব আহমেদ বনি’র সার্বিক সহায়তায় অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্টটি এলাকার শিক্ষার্থীদের জন্য ছিল এক বিশেষ সুযোগ।

মাজিলা গ্রামের কৃতি সন্তান, ইতালি প্রবাসী সমাজসেবী গাজী রকিব আহমেদ বনি এর আর্থিক সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় উত্তেজনা ও উৎসাহ ছিল আকাশচুম্বী। আয়োজকরা নিশ্চিত করেছেন, এমন একটি আয়োজন ক্রীড়াঙ্গনে একটি নতুন দিশা এবং শিক্ষার্থীদের মধ্যে শারীরিক গঠনের পাশাপাশি দলগত মনোভাবের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাটিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক শিহাবুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটিকাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, ইবি থানা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিল, খুশি মেম্বার। এছাড়াও এ সময় সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক যথাক্রমে আব্দুর রহমান, জাহাঙ্গীর আলম, খন্দকার নাসির, শ্রাবনী আফরোজ, বাবুল হোসেন, নওশাদ আলী, নিশাত শবনম ও রীনা পারভীন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গাজী রকিব আহমেদ বনি’র অর্থনৈতিক সহযোগিতায় এই ধরনের ক্রীড়া আয়োজন শুধু এলাকার ক্রীড়া চর্চার মান বৃদ্ধি করেছে, তা নয়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করেছে। তারা আশা করেন, ভবিষ্যতে আরও বড় আয়োজনে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়া হবে,  যা শিক্ষার্থীদের একতাবদ্ধ ও সৃজনশীলভাবে গড়ে তুলবে।

ফুটবল টুর্নামেন্টের ফলাফল, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক দল হিসেবে ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়ে শিরোপা অর্জন করেছে। মাজিলা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ হিসেবে নির্বাচিত হয়। বালিকা দলের মধ্যে, পাটিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং মাজিলা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ হিসেবে বিজয়ী হয়।

পুরস্কার বিতরণী, টুর্নামেন্ট শেষে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন এবং সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। এসময় বক্তারা শিক্ষার্থীদের মধ্যে খেলা ও শারীরিক শিক্ষা বিষয়ে আরও উদ্যোগী হওয়ার জন্য উৎসাহিত করেন।