পাটিকাবাড়ীর ৯টি ওয়ার্ডে ফুটবল বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পাটিকাবাড়ীর ৯টি ওয়ার্ডে ফুটবল বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১৪, ২০২৬

আজাদ সানি ॥ কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন পাটিকাবাড়ী ইউনিয়নে যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ৯টি ওয়ার্ডের ক্রীড়াপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (১৩ জুন) বিকেলে পাটিকাবাড়ীর মাজিলা নতুন বাজারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় যুব সমাজের ক্রীড়া কার্যক্রমকে উৎসাহিত করা এবং খেলাধুলার প্রসার ঘটানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। মাজিলা গ্রামের কৃতি সন্তান ও ইতালি প্রবাসী তরুণ সমাজসেবক গাজী রকিব আহমেদ বনি-এর সৌজন্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ক্রীড়া সংগঠন ও তরুণ খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি, যুব ও ক্রীড়া বিভাগের থানা শাখার সভাপতি এবং আসন্ন পাটিকাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ইব্রাহিম খলিল। প্রধান অতিথির বক্তব্যকালে তিনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ, সচেতন ও শৃঙ্খলাবদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তরুণদের মধ্যে নেতৃত্বগুণ, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মনোভাব সৃষ্টি করে।

মাওলানা ইব্রাহিম খলিল আরও বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। স্থানীয় পর্যায়ে এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিতভাবে বাড়াতে হবে। তিনি প্রবাসী সমাজসেবক গাজী রকিব আহমেদ বনি’র এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। পাটিকাবাড়ী ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি খাদেমুল ইসলাম খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রিপন আলী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক উসমান গণি, শ্রমিক কল্যাণ সম্পাদক আজিবার রহমান, দাওয়া সম্পাদক হাফেজ নজরুল ইসলাম, জামায়াত নেতা আশাদুল ইসলাম, মর্তুজা খান, আতিয়ার রহমান, আসমত আলী, হাফেজ জামাল উদ্দিন ,জাফর আলী, আবুল হাশেম, সমাজ সেবক গাজী আলহাজ্ব লুৎফর রহমান, গাজী আব্দুল খালেক, হাফিজুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।