কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পদ্মা নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটায় প্রশাসনের অভিযান

ভেড়ামারা প্রতিনিধি ॥ ‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে মাটি কাটায় ব্যবহৃত ১টি ট্রাক্টর এবং ৫টি ড্রামট্রাকের সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনার সাথে জড়িত চক্রের সদস্যরা পালিয়ে গেছে। গতকাল রবিবার (১৪ জুন) দুপুর ১টার সময় উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাগগাড়ি পুল সংলগ্ন পদ্মা নদীর পাড় এলাকায় এই অভিযান চালানো হয়। ‎স্থানীয় সূত্রে জানা গেছে, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে বাগগাড়ি পুল পাড়া এলাকায় পদ্মা নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল।

এতে নদীর পাড় ও নিকটবর্তী ফসলি জমি তীব্র ভাঙনঝুঁকির মুখে পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে সেখানে সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে মাটি কাটার সাথে জড়িত ব্যক্তি এবং গাড়ির চালকরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল থেকে অবৈধ মাটি কাটায় ব্যবহৃত ১টি ট্রাক্টর ও ৫ টি ড্রামট্রাকের সরঞ্জাম জব্দ করে হেফাজতে নেয়। ‎এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার জানান, নদী রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে বালু বা মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। পলাতক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর