কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পদ্মা নদীতে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বালুবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি (স্থানীয় নাম লাটাহাম্বা) উল্টে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২৩ ঘণ্টা পর গতকাল শনিবার (১৫ আগষ্ট) সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূর থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে উপজেলা প্রশাসনের মাধ্যমে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে, গত শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা ঘাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির নাম মো. আলিফ (৮)। সে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা এলাকার মনসুর প্রামাণিকের ছেলে। কুমারখালী ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে শিলাইদহ এলাকা থেকে বালুবোঝাই একটি লাটাহাম্বাতে ওঠে আবদুল আহাদ, জিহাদ, ওমর ফারুক ও মো. আলিফ নামে চার শিশু। পদ্মা নদীর পাড়ের পথটি সরু। কসবা ঘাটপাড়া এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লাটাহাম্বাটি উল্টে পদ্মা নদীতে পড়ে যায়।

এ সময় চালকসহ তিন শিশুকে স্থানীয় লোকজন জীবিত উদ্ধার করেন। তবে শিশু আলিফকে আর পাওয়া যায়নি। খবর পেয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। এরপর ওইদিন সন্ধায় খুলনার ডুুবুরি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে আজ শনিবার সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূর থেকে ডুবে থাকা মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুুবুরি দল। উদ্ধার হওয়া শিশু ওমর ফারুকের বাবা মো. হাফিজুল ইসলাম জানান, ওমর তার মামার গাড়িতে উঠেছিল। সরু পথে মোটরসাইকেল আরোহীকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহত আলিফের বাবা মনসুর প্রামাণিক বলেন, গাড়িটি নিজেদেরই। খেলতে গিয়ে ছেলে গাড়িতে উঠেছিল। এটি একটি দুর্ঘটনা। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কপালে যা ছিল তাই হয়ছে। খবর পেয়ে বেলা গতকাল শুক্রবার ১১টা থেকে উদ্ধার অভিযান শুরু করা হয়ে বলে জানান কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের ইনচার্জ নাসির উদ্দিন। তিনি শনিবার দুপুরে বলেন, নিখোঁজের প্রায় ২৩ ঘণ্টা পরে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূর থেকে মরদেহটি উদ্ধার করে ডুবুরি দল। পরে প্রশাসনের মাধ্যমে স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর