কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ

নিজ সংবাদ ॥ নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় এনসিপির চার সংগঠনের নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেছে। গত ৪ অক্টোবর জেলার কুমারখালী উপজেলার ছেউড়িয়া লালন শাহের মাজার প্রাঙ্গনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে, এর প্রতিবাদে গতকাল বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির চার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ কর্মসূচি পালনে জাতীয় ছাত্রশক্তি, যুবশক্তি, শ্রমিকশক্তি ও নারীশক্তির নেতাকর্মীরা কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে জড়ো হোন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড় (জুলাই শহীদ চত্বর) গিয়ে সমাবেশে মিলিত হয়।

 

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটি কুষ্টিয়া জেলা শাখার সাবেক সদস্য রাসেল পারভেজ, সাবেক যুগ্ম সমন্বয়ক তাছের, যুবশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব সুরুজ হোসেন সম্রাট, ছাত্রশক্তির কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মখলেচুর রহমান আয়াসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

 

এসময় সমাবেশে বক্তারা বলেন, নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক সহনশীলতার ওপর আঘাত। একজন রাজনৈতিক নেতার ওপর প্রকাশ্যে হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। 

 

তারা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে রাজপথে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

 

বক্তারা আরও বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছে, এ ধরনের হামলা সেই প্রত্যাশার পরিপন্থী। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে কোনো অবস্থাতেই হামলা, ভাঙচুর বা সহিংসতার মাধ্যমে মতপ্রকাশের পরিবেশ নষ্ট করা যাবে না। হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

 

উল্লেখ্য, এর আগে গত সোমবার (৫ অক্টোবর) বিকেলে এনসিপি কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশ বাধা দেয় বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়। এতে কর্মসূচি পণ্ড হয়ে যায়। তবে পুলিশ জানিয়েছিল, নিরাপত্তাজনিত কারণে ওই কর্মসূচি করতে দেওয়া হয়নি।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর