কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নাসিরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় কুমারখালী থানায় মামলা

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। ঘটনার তিন দিন পর এনসিপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদাউস টনি বাদী হয়ে কুমারখালী থানায় মামলাটি করেন।

 

মামলায় ২০ থেকে ২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে মামলা হওয়ার পরও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

 

দলীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৭ অক্টোবর) মামলাটি করা হলেও এর জিআর নম্বর পাওয়া যায় বৃহস্পতিবার। দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৪২৭, ৫০৬ ও ১১৪ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। কুমারখালী থানায় এটি ১০ নম্বর মামলা।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাতে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির কয়েকজন নেতাকর্মী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার পরিদর্শনে যান। পরিদর্শন শেষে রাত ৮টা ১৫ মিনিটের দিকে মাজারের প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা তাদের ওপর হামলা চালান।

 

এজাহারে অভিযোগ করা হয়, হামলাকারীরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। পরে লাঠি, বাঁশ, পাইপ, বাটাম, লোহার রড, পাথর ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করা হয়। এ সময় তার ব্যবহৃত গাড়িও ভাঙচুর করা হয়। পরে পুলিশের প্রহরায় তিনি ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন।

 

এজাহারে আরও বলা হয়, ঘটনার পর ওই রাতেই মামলা করতে কুমারখালী থানায় যান এনসিপির নেতাকর্মীরা। এ সময় অজ্ঞাতনামা হামলাকারীরা থানা ঘেরাও করে তাদের ভয়ভীতি দেখান ও হুমকি দেন। নিরাপত্তার স্বার্থে তারা সেখান থেকে বের হয়ে আসতে বাধ্য হন। পরে নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে না থাকায় মামলা করতে বিলম্ব হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

এনসিপির কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব সুলতান মারুফ তালহা বলেন, মামলাটি নেওয়ার ক্ষেত্রে অনেক অসংগতি দেখা গেছে। পুলিশ জানিয়েছে, নাম উল্লেখ করে মামলা নথিভুক্ত করা যাবে কি না, সে বিষয়ে তারা নিশ্চিত ছিল না। শেষ পর্যন্ত কারও নাম উল্লেখ না করেই মামলা নথিভুক্ত করা হয়েছে। মামলায় কারও নাম উল্লেখ করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

 

উল্লেখ্য, গত ৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমারখালী উপজেলার ছেঁউড়িয়াস্থ লালন আখবাড়িতে বেড়াতে এসে হামলার শিকার হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এসময় তাকে বহন করা গাড়ি ভাঙচুর করা হয়। এসময় তার দিকে ডিম নিক্ষেপেরও ঘটনা ঘটে। পরে পুলিশের সাহায্যে এলাকা ত্যাগ করেন তিনি। এদিকে, কুষ্টিয়ায় ‘নাসিরুদ্দীন পাটওয়ারীর উপর হামলার কথা স্বীকার করে জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত বলেছেন, নাসিরুদ্দীন পাটওয়ারীকে আমারই এক ছোট ভাই মেরেছে। তিনি বলেন, নাসিরুদ্দীন পাটওয়ারী,আপনারা কিছুদিন আগে দেখেছেন, কুষ্টিয়ায় এসে উত্তম-মাধ্যম খেয়ে চলে গেছে। উত্তমমাধ্যম দিয়েছে, আমি জোর গলায় বলতে পারি আমারই এক ছোট ভাই ছিল। বৃহস্পতিবার দুপুরে মিরপুর উপজেলার আমলা সরকারি কলেজে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর