জামায়াত এমপি আমির হামজাকে আবারও লিগ্যাল নোটিশ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

জামায়াত এমপি আমির হামজাকে আবারও লিগ্যাল নোটিশ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৪, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমানকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মো. আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম (নুরুল) বাংলাদেশ ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মো. আই-ইয়াশ ইমনের পক্ষে এ নোটিশ প্রেরণ করেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, আমার মক্কেল মো. আই-ইয়াশ ইমন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ভক্ত এবং পছন্দের ব্যক্তি। সম্প্রতি এক জনসম্মুখে তাকে নিয়ে দেওয়া আমির হামজার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এতে দেখা যায় আমির হামজা বীর মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমানকে ‘ফজু পাগল’ বলে সম্বোধন করেন। পাশাপাশি তাকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর কথা বলেন এবং কুকুর মারার ইনজেকশন দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। নোটিশে বলা হয়, এ ধরনের কুরুচিপূর্ণ ও আক্রমণাত্মক বক্তব্য বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমানের সামাজিক, মানসিক ও আর্থিক সম্মানের অপূরণীয় ক্ষতি করেছে।

একই সঙ্গে তাকে দেশ ও জাতির সামনে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করা হয়েছে। লিগ্যাল নোটিশে আমির হামজাকে আগামী ১০ দিনের মধ্যে তার বক্তব্যের বিষয়ে সন্তোষজনক জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

বাদী পক্ষের আইনজীবী মো. নুরুল ইসলাম (নুরুল) জানান, গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কুষ্টিয়া-৩ আসনের সংসদ আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়ে উপযুক্ত জবাব না দিলে আমার মক্কেল তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

এ বিষয়ে আমির হামজার সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। উকিলের নোটিশ তো রয়েছে ১ থেকে ২শত। আসুক আসলে আর কী করবো। এসময় তিনি নিজের আইনজীবীদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেয়ার কথা জানান।

উল্লেখ্য, এর আগেও অশালীন বক্তব্য দেয়ার অভিযোগে আমির হামজাকে দুটি উকিল নোটিশ দেয়া হয়। এছাড়া জ্বালানি মন্ত্রীকে নিয়ে দেয়া বক্তব্যের জেরে আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এরই মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। এর আগে, কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশের জন্য সংসদ সদস্য (এমপি)আমির হামজাকে আইনি নোটিশ পাঠান জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসান।

কুষ্টিয়ার ডিসি আসতে কমপক্ষে এখন ৩০ থেকে ৫০ কোটি টাকা খরচ করা লাগে, এমন বক্তব্যর জন্য সম্প্রতি তাঁকে আরেকটি আইনি নোটিশ পাঠিয়েছেন কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়ন যুবদলের সভাপতি রবিউল ইসলাম। এছাড়া কুষ্টিয়ার হাটশ হরিপুর বড় জামে মসজিদে এক আলোচনায় আমির হামজা বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকেও ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলেন।