কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুর ফিলিপনগরের সন্ত্রাসী শরিফ কাইগি গ্রেফতার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নসহ আশপাশের চরাঞ্চলে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত শরিফুল ইসলাম ওরফে শরিফ কাইগি ওরফে শরিফ তাগাদগিরিকে নজরদারির দীর্ঘ নয় মাস ১২ দিন পর গ্রেফতার করেছে ঢাকা র‌্যাব-১০, ০৪ ও গোয়েন্দা শাখা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে অবশেষে তাকে গ্রেফতার করা হয়। শরিফ কাইগি দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের, সাদীপুর গ্রামের মসলেম তাগাদগিরির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে শরিফ কাইগি দীর্ঘদিন ধরে চরাঞ্চলে সহ পদ্মা নদীর ওপারের চরাঞ্চল রাজশাহী বাঘা এরিয়াতে ডাকাতি, ডাকাতিকালে ধর্ষণ, চাঁদাবাজি, দস্যুতা, অবৈধ দখল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র কারবারসহ একাধিক গুরুতর অপরাধের সঙ্গে জড়িত। এসব ঘটনায় দায়ের হওয়া প্রায় দেড় ডজন মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। এছাড়া কয়েকটি মামলায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতেও তার নাম উঠে এসেছে বলে জানা গেছে। চিলমারী এবং বাঘা উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র সক্রিয় ছিল বলে অভিযোগ রয়েছে।

এদিকে দীর্ঘদিনের আতঙ্কের অবসান হওয়ায় চরাঞ্চলবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা তার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গ্রেফতারকৃতকে ঢাকা জেলার আশুলিয়া থানা থেকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর  করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর