দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ব্যঙ্গাড়ী মাঠে এক মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে ১৬ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে চার দুর্বৃত্তের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ব্যঙ্গাড়ী মাঠের নির্জন সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী খবিরুল হোসেন (৪৫) উপজেলার গরুড়া গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরেও মাছ কেনার উদ্দেশ্যে মেহেরপুরের গাংনী বাজারের দিকে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন খবিরুল।
পথে আদাবাড়িয়া ইউনিয়নের ব্যঙ্গাড়ী মাঠের নির্জন সড়কে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা চার ছিনতাইকারী তাঁর পথরোধ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাঁকে জোরপূর্বক রাস্তার পাশে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে। পরে লাঠি দিয়ে মারধর করে গুরুতর আহত করে তাঁর কাছে থাকা নগদ ১৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাঁর ভ্যানটি নিয়ে তেকালা পুলিশ ক্যাম্পের সামনে রেখে পালিয়ে যায় ছিনতাইকারীরা। খবিরুল হোসেন জানান, দীর্ঘদিন ধরে তিনি প্রতিদিন ভোরে মাছ কেনার জন্য গাংনী বাজারে যাতায়াত করেন। এর আগে তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটেনি।
মঙ্গলবার ভোরে চার দুর্বৃত্ত তাঁকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, ব্যঙ্গাড়ী মাঠের ওই এলাকায় মাঝেমধ্যেই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভোরে যাতায়াতকারী ক্ষুদ্র ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে তাঁরা উদ্বিগ্ন। দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ছিনতাইয়ের ঘটনাটি সম্পর্কে তিনি এখনো অবগত নন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ইউনিয়নের বিট পুলিশ কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হবে।









