দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দীর্ঘদিনের প্রত্যাশিত ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণকাজ শুরুর আগেই চাঁদা দাবির অভিযোগ উঠেছে রিয়াজুল ও সুমন নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সুমন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রিয়াজুল (৩৬) উপজেলার সদর ইউনিয়নের চুয়ামল্লিকপাড়া গ্রামের বাবর আলীর ছেলে এবং সুমন (৩৫) একই এলাকার আকবর আলী মাস্টারের ছেলে জানা গেছে। স্থানীয়দের দাবি, তাঁরা দুজনই আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানান তাঁরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার (২১ সেপ্টেম্বর) দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের চুয়ামল্লিকপাড়া এলাকায় প্রস্তাবিত ফায়ার সার্ভিস স্টেশনের নির্ধারিত স্থানে একটি বড় পুকুর বালু দিয়ে ভরাটের কাজ চলছিল। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এ কাজের দায়িত্ব দিয়েছিল খোকসার উপজেলার মনোয়ার হোসেন নামে একজনকে। পুকুর ভরাটের পর দরপত্রের মাধ্যমে স্টেশনটির মূল নির্মাণকাজ শুরু হওয়ার কথা ছিল। অভিযোগ অনুযায়ী, সোমবার রাত ১০টার দিকে রিয়াজুল ও সুমন ফোন করে মনোয়ার হোসেনের কাছে চাঁদা দাবি করেন।
অন্যথায় নির্মাণকাজের দেখভালের দায়িত্ব তাঁদের দিতে হবে বলে জানান তাঁরা। বিষয়টি পরে মনোয়ার হোসেন ফায়ার সার্ভিস স্টেশন প্রকল্পের পরিচালক (জয়েন সেক্রেটারি) সরোয়ার ইসলামকে জানান। এরপর প্রকল্প পরিচালক দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমানকে বিষয়টি অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য দৌলতপুর থানায় নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে মনোয়ার হোসেন জানান, সোমবার রাত ১০টার দিকে রিয়াজুল ও সুমন তাঁকে ফোন করে চাঁদা দাবি করেন।
চাঁদা না দিলে কাজের দেখভালের দায়িত্ব তাঁদের দিতে হবে বলেও জানান। পরে তিনি বিষয়টি ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা (জয়েন সেক্রেটারি) তাঁকে চাঁদা দাবির বিষয়টি ফোনে জানান। পরে পুলিশ ওই এলাকা থেকে সুমন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন। তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে, পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পরে জানানো হবে বলে তিনি জানান।









