কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দৌলতপুর প্রতিনিধি ॥ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬। এবারের কর্মসূচির প্রতিপাদ্য “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি”।

গতকাল রবিবার (২ আগস্ট) বেলা দেড়টার দিকে দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি আশপাশের মোট ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা, প্রশিক্ষকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে দেশব্যাপী সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে দৌলতপুর উপজেলার প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হবে। শুধু চারা বিতরণ নয়, শিক্ষার্থীদের সেই গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি মানুষের জীবন, জীববৈচিত্র্য ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে নিজের গাছের যত্ন নিতে হবে এবং অন্তত একটি গাছ বড় করে তুলতে হবে। গাছের চারা হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। তারা জানায়, নিজেদের বাড়ির আঙ্গিনায় চারাগুলো রোপণ করবে এবং নিয়মিত পরিচর্যা করবে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় দৌলতপুর উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭০ হাজার শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে। সংশ্লিষ্টদের আশা, এই কর্মসূচির মাধ্যমে উপজেলাজুড়ে সবুজায়ন বৃদ্ধি পাবে এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও জোরদার হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর