দৌলতপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২০, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাতেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা ভূমি অফিসের আয়োজনে গতকাল মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম হলে এ মেলার উদ্বোধন করা হয়। রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরে দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্য নিয়ে এবারের মেলার উদ্বোধন হয়। স্বচ্ছ, সহজ ও হয়রানিমুক্ত ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের নিয়ম, নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। মেলায় ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অণিন্দ গুহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এসময় আরও উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ উপজেলার ১৪টি ইউনিয়নের ইউনিয়ন ভূমি কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, ডিজিটাল ও জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমি সংক্রান্ত সেবা এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে গ্রহণ করা সম্ভব হচ্ছে, ফলে সাধারণ মানুষের হয়রানি ও সময় অপচয় অনেকাংশে কমেছে। তারা আরও বলেন, ভূমি মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। তাই ভূমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে সংরক্ষণ এবং নিয়ম মেনে হালনাগাদ করা অত্যন্ত জরুরি। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে দুর্নীতি কমবে, স্বচ্ছতা বাড়বে এবং জনগণ সহজে সঠিক সেবা পাবে।

বক্তারা সাধারণ মানুষকে দালালচক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সরকারি নির্ধারিত নিয়ম ও ফি অনুযায়ী সরাসরি ভূমি অফিস থেকে সেবা গ্রহণ করতে হবে। এছাড়া ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি ও খতিয়ান সংশোধনসহ সকল কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার বিষয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। সভায় বক্তারা আরও বলেন, ভূমিসেবা মেলার মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে এবং প্রান্তিক পর্যায়ের মানুষ আধুনিক ভূমি ব্যবস্থাপনার সুফল সম্পর্কে জানতে পারবে।