রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা এবং বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশে ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে এসব আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) (শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ মিজানুর রহমান, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মোঃ ইউনুছ আলী এবং জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ তানভীর হোসেন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান বলেন, “প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা এবং বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আমাদের তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম।” তিনি বলেন, এসব প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়।
ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দক্ষ ও প্রতিভাবান খেলোয়াড় তৈরিতেও এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জেলা প্রশাসক আরও বলেন, “এসব প্রতিযোগিতা সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।” খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা, মাঠের প্রস্তুতি, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা যথাযথভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করার আহ্বান জানান তিনি।
সভায় আসন্ন ক্রীড়া প্রতিযোগিতাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন দপ্তরের দায়িত্ব, মাঠ প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। তাই প্রতিযোগিতাগুলো সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।









