কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কুষ্টিয়ায় এডভোকেসী ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলায় আগামী ২৮ জুন (রবিবার) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টার সময় কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা এডভোকেসী ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এবং কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলার স্বাস্থ্য বিভাগ, তথ্য বিভাগ, প্রাথমিক শিক্ষা বিভাগ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, এবারের ক্যাম্পেইনে কুষ্টিয়া জেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ২ লাখ ৩৩ হাজার ২৭৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওনোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে ৬-১১ মাস বয়সী নীল রঙের ক্যাপসুল পাবে ২৮,০৫৫ জন শিশু এবং ১২-৫৯ মাস বয়সী লাল রঙের ক্যাপসুল পাবে ২,০৫,২২০ জন শিশু। এই লক্ষ্যমাত্রা অর্জনে জেলায় মোট ১,৭২৫টি কেন্দ্রে একযোগে ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসূচি সফল করতে ৬২৮ জন মাঠকর্মী এবং ২,৮২২ জন স্বেচ্ছাসেবকসহ মোট ৩,৪৫০ জন কর্মী নিয়োজিত থাকবেন। উপজেলা ও পৌরসভা ভিত্তিক লক্ষ্যমাত্রার তথ্যে দেখা যায়, কুষ্টিয়া সদর উপজেলায় সর্বোচ্চ ৪২,৫০০ জন এবং দৌলতপুর উপজেলায় ৫২,০১৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়া খোকসায় ১৬,৭৭১ জন, কুমারখালীতে ৪০,৯২৪ জন, মিরপুরে ৩১,২৪১ জন, ভেড়ামারায় ২৪,০০০ জন, কুষ্টিয়া পৌরসভায় ১৯,৪৫০ জন, ভেড়ামারা পৌরসভায় ২,৫০৯ জন এবং কুমারখালী পৌরসভায় ৩,৮৬৭ জন শিশু এই কর্মসূচির আওতাভুক্ত রয়েছে। সভায় সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের অন্ধত্ব প্রতিরোধ করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশু মৃত্যুর হার হ্রাস করে। কুষ্টিয়া জেলার কোনো একটি শিশুও যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা এবং মাঠ পর্যায়ে শতভাগ নিবিড় তদারকি নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কুষ্টিয়ার তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মন্নান, সিনিয়র তথ্য অফিসার মো. আমিনুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মফিজুল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ এবং স্থানীয় উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর