কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বসতবাড়ির জমিজমা নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে ইন্তাদুল বাদাল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা বাদালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইন্তাদুল বাদাল ওই গ্রামের মৃত ফুলচাঁদ বাদালের ছেলে। আহতরা হলেন—একই গ্রামের আলেক বাদালের ছেলে মোঃ বাবু (৪৫) এবং নিহত ইন্তাদুল বাদালের ছেলে তপন।

আহতদের মধ্যে বাবুকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে এবং তপনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেহালা বাদালপাড়া গ্রামের লাবলু বাদাল, পিতা মৃত লালচাঁদ বাদালের বসতবাড়ির পেছনে ইটের হিয়ারিং রাস্তার ওপর বসতবাড়ির জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইন্তাদুল বাদালের সঙ্গে তার আপন ভাই মোঃ বজলু বাদাল (৬০) ও বজলুর ছেলে হানিফ বাদালের (৩২) কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কথা কাটাকাটি থেকে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বজলু বাদাল তার হাতে থাকা হাসুয়া দিয়ে ইন্তাদুল বাদালের বাম গলা ও বাম হাতে কোপ দেন বলে অভিযোগ রয়েছে।

এতে ইন্তাদুল গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে ইন্তাদুলের চাচাতো ভাইয়ের ছেলে মোঃ বাবু বাদালের পেটে হাসুয়ার কোপ লাগে। এতে বাবুও গুরুতর রক্তাক্ত জখম হন। একই সময় ইন্তাদুলের ছেলে তপন বাদালের পিঠে হানিফ বাদাল হাসুয়া দিয়ে কোপ দেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তপনও গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে ইন্তাদুল বাদালের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে বজলু বাদাল ও তার স্ত্রীকে হেফাজতে নেয় বলে জানা গেছে। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরেই রোববার সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির সূত্রপাত হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয় এবং একপর্যায়ে হাসুয়ার আঘাতে ইন্তাদুলের মৃত্যু হয়।

একজনের মৃত্যু ও দুইজন গুরুতর আহত হওয়ার ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোয়াজ আলী বলেন, নিহত ইমদাদুল হক বাদাল কৃষিকাজ করতেন। জমি নিয়ে নিজ ভাইয়ের হাতে খুন হওয়ার বিষয়টি দুঃখজনক। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর