বিশেষ প্রতিনিধি ॥ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুষ্টিয়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার শ্রীশ্রী গোপীনাথ জিউর মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা শাখার উপদেষ্টা তাপস কুমার সাহা। সভা পরিচালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব ডা. পি কে সাহা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কুষ্টিয়ার সহকারী পরিচালক হ্যাপী সাহা এবং কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তাফিজুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কুষ্টিয়া জেলা শাখার জ্যেষ্ঠ সদস্য সনজিব জোয়ার্দ্দার।
এ সময় পূজা উদযাপন ফ্রন্টের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মুক্তি রাণী ঘোষ, সদর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আশুতোষ কুমার পাল দেবাশীষ, পৌর শাখার সভাপতি অঞ্জন কৃষ্ণ শীল ও সাধারণ সম্পাদক দেবোত্তম বিশ্বাসসহ জেলা, উপজেলা, সদর ও পৌর শাখার অন্যান্য নেতারা এবং বিভিন্ন মন্দির কমিটির নেতারা বক্তব্য দেন।
সভায় বক্তারা দুর্গাপূজা উপলক্ষে জেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা এবং ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি পূজার সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট মন্দির ও পূজা কমিটিগুলোকে সতর্ক থেকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। উৎসবকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় থাকে, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।









