রঞ্জুউর রহমান ॥ দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা, শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপদ চলাচল নিশ্চিত করা সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন কুষ্টিয়ার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম।
তিনি বলেন, “সাদাছড়ি শুধু একজন দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের চলার সহায়ক নয়, এটি তাঁর স্বাধীনতা, আত্মনির্ভরতা ও নিরাপদ চলাচলের প্রতীক। একজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি যেন সমাজে মর্যাদার সঙ্গে চলাফেরা করতে পারেন, শিক্ষা গ্রহণ করতে পারেন, কর্মসংস্থানের সুযোগ পান এবং নিজের প্রতিভা বিকাশের সুযোগ পান—এটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”
গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন”।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, কুষ্টিয়া; জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কুষ্টিয়ার বিভিন্ন এলাকা থেকে আসা দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, কুষ্টিয়া ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ আব্দুল লতিফ সেখ এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শামীম রেজা।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে নিরাপত্তা নিশ্চিত করা, তাঁদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং সমাজের সর্বস্তরে অন্তর্ভুক্তি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ ও নিরাপদ করতে এ ধরনের সহায়ক উপকরণের ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বিকাশে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তাঁদের প্রতি সহানুভূতির পাশাপাশি অধিকার, সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করতে হবে। শিক্ষা, কর্মসংস্থান এবং জনপরিসরে চলাচলের উপযোগী পরিবেশ গড়ে তোলা গেলে তাঁরা সমাজ ও দেশের উন্নয়নে আরও কার্যকর অবদান রাখতে পারবেন।
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের আয়োজনের মূল লক্ষ্য হলো দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাঁদের অধিকার ও সক্ষমতা সম্পর্কে সমাজকে আরও দায়িত্বশীল করে তোলা।








