কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

জনগণের দুর্ভোগ লাঘবে জরাজীর্ণ সড়ক ও ড্রেন নির্মান করা হবে: প্রকৌশলী জাকির সরকার

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌরসভার ২০নং ওয়ার্ডের দীর্ঘদিনের জরাজীর্ণ সড়কের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন জেলা বিএনপির শীর্ষ নেতা। গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া পৌর ২০নং ওয়ার্ডে পরিদর্শনে যান জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় এলাকাবাসী দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকা সড়ক, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং পানি নিষ্কাশনের সমস্যার কথা তুলে ধরেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ২০নং ওয়ার্ডে সড়কগুলোর পর্যাপ্ত সংস্কার না হওয়ায় খানাখন্দ সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যায়। এতে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা স্থায়ী রূপ নেয়। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে জরাজীর্ণ সড়কগুলো পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে। পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় স্থানে ড্রেন নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করা হবে বলেও তিনি আশ্বাস দেন। তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে। আগামী দিনে দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এলাকার উন্নয়ন করা হবে। শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, দ্রুত সময়ে এর কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন দেশের মানুষের ভাগ্যউন্নয়নে বর্তমান সরকার কাজ করে চলেছেন। জনগণের সুবিধার্থে কুষ্টিয়া শহরে সড়ক যোগাযোগ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হবে। পরিদর্শনকালে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর