সবুজ আলী, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসায় সার বিক্রয় সংক্রান্ত তথ্য যথাযথভাবে সংরক্ষণ ও লিপিবদ্ধ না করার দায়ে মেসার্স মোল্লা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে খোকসা উপজেলা প্রশাসনের উদ্যোগে মেসার্স মোল্লা এন্টারপ্রাইজে উপজেলা নির্বাহী অফিসার খালিদ বিন মনসুর অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান।
অভিযানকালে প্রতিষ্ঠানটির সার বিক্রয় সংক্রান্ত তথ্য যথাযথভাবে লিপিবদ্ধ ও সংরক্ষণ করা হচ্ছে কি না, তা যাচাই করা হয়। এ সময় বিক্রয় সংক্রান্ত তথ্য সঠিকভাবে সংরক্ষণ না করার অনিয়ম ধরা পড়ে। পরে এ অপরাধে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আশা মোল্লাকে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। একই সঙ্গে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ও বিক্রয় সংক্রান্ত তথ্য যথাযথভাবে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
খোকসা উপজেলা নির্বাহী অফিসার খালিদ বিন মনসুর বলেন, সার বাজার শৃঙ্খলা বজায় রাখা, কৃষিপণ্যের ক্রয়-বিক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।









