কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি সিজন-২-এর উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ॥ শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে কুষ্টিয়ায় ‘নতুন কুঁড়ি’ সিজন-২-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুষ্টিয়া থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন, জেলা প্রশাসনের সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মী। 

 

এদিকে কুষ্টিয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান। এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, পুলিশ সুপার আমিনুল ইসলাম, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব উল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ, জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমীন রানা কানাই, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু-কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে ‘নতুন কুঁড়ি’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ আয়োজনের মাধ্যমে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়বে। পাশাপাশি তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেম বিকাশের সুযোগ তৈরি হবে।

 

উদ্বোধন ঘোষণার পর স্থানীয় শিশু-কিশোর শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। তাদের পরিবেশনায় অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

অনুষ্ঠানে জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান বলেন, প্রধানমন্ত্রী গত ১২ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকেই ‘নতুন কুঁড়ি’ আয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করছেন। আগামী দিনের প্রতিভাবান খেলোয়াড়, যোগ্য নেতৃত্ব ও দেশ গড়ার কারিগর তৈরি করাই এ আয়োজনের উদ্দেশ্য।

জেলা প্রশাসক জানান, এবারের প্রতিযোগিতায় কুষ্টিয়া জেলায় ১১ হাজার প্রতিযোগী নিবন্ধনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ইতিমধ্যে ১৫ হাজার প্রতিযোগী নিবন্ধন করেছেন। ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

 

জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ বলেন, ‘নতুন কুঁড়ি’ শিশু-কিশোরদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশের একটি প্রশংসনীয় উদ্যোগ। প্রতিটি শিশুর মধ্যেই কোনো না কোনো প্রতিভা রয়েছে। প্রয়োজন শুধু সেই প্রতিভা বিকাশের উপযুক্ত পরিবেশ ও সুযোগ তৈরি করা। এ আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরেরা নিজেদের যোগ্যতা তুলে ধরার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি আগ্রহী হবে। তিনি আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভার যথাযথ বিকাশ ঘটাতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ‘নতুন কুঁড়ি’র মতো উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকলে আগামী দিনে কুষ্টিয়া থেকে জাতীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও যোগ্য নেতৃত্ব উঠে আসবে বলে আমরা আশাবাদী।

 

জেলা বিএনপির সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, ‘নতুন কুঁড়ি’ শুধু একটি প্রতিযোগিতা নয়, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এর মধ্য দিয়ে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল বিভিন্ন ক্ষেত্রে নতুন প্রতিভা খুঁজে বের করা সম্ভব হবে।

তিনি বলেন, প্রতিভাবান প্রতিটি শিশু-কিশোরের এ আয়োজনে অংশগ্রহণের সুযোগ থাকা প্রয়োজন। তাঁদের মধ্য থেকেই ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড়, সংস্কৃতিমনা মানুষ ও যোগ্য নেতৃত্ব তৈরি হবে।

 

এছাড়া আয়োজকেরা জানান, শিগগিরই কুষ্টিয়া জেলায় ‘নতুন কুঁড়ি’ সিজন-২-এর অডিশন ও বাছাইপর্ব শুরু হবে। এর মাধ্যমে জেলার প্রতিভাবান শিশু-কিশোরেরা নিজেদের যোগ্যতা ও সৃজনশীলতা তুলে ধরার সুযোগ পাবে।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর