কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বুধবার (৫ আগস্ট) সকাল ০৯টার দিকে সুইমিংপুল ক্যাফেটেরিয়া সংলগ্ন জুলাই শহিদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার), জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রমূখ।

এসময় জেলা প্রশাসক বলেন, আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব শহিদকে, যাঁরা দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। তাঁদের আত্মত্যাগ জাতির স্মৃতিতে চিরভাস্বর হয়ে থাকবে। একই সঙ্গে আমরা শ্রদ্ধা জানাই সেই সব জুলাই যোদ্ধাকে, যাঁরা ন্যায়, অধিকার এবং মানুষের আকাঙক্ষার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন। তাঁদের সাহসিকতা আমাদের অনুপ্রেরণা জোগায়। তিনি আরো বলেন, একটি জাতির অগ্রযাত্রায় আত্মত্যাগের মূল্য অপরিসীম। শহিদ পরিবারের সদস্যরা শুধু তাঁদের আপনজনকেই হারাননি, তাঁরা বহন করে চলেছেন এক গভীর দায়িত্ব ও গর্বের ইতিহাস।

রাষ্ট্র ও সমাজের দায়িত্ব হলো তাঁদের পাশে থাকা, তাঁদের মর্যাদা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা। এছাড়া জেলা পরিষদের প্রশাসক বলেন, দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গনঅভ্যুত্থান দিবস’ জাতীয় দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। দীর্ঘ ১৭ বছর ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে গত দুই বছর আগে ২০২৪ সালের ৫আগস্ট এই দিনে বীর ছাত্র-জনতা এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছিলো। গনঅভ্যুত্থানের মূখে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।

রাহুমুক্ত হয় সোনার বাংলাদেশ। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকেও মিথ্যা মামলায় বছরের পর বছর জালিমের কারাগারে কাটাতে হয়েছে। তিনি আরো বলেন, আগামী দিনে দেশনায়ক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে বাংলাদেশে আর কখনোই স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা কিংবা উগ্রবাদ কায়েম হবে না, কখনোই দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না।

এইসব মৌলিক প্রশ্নে প্রতিষ্ঠিত জাতীয় ঐক্য অটুট আছে এবং থাকবে, ইনশাআল্লাহ। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর