সবুজ আলী, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ (ইহসান) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে খোকসা বাসস্ট্যান্ড থেকে শোমসপুর সড়কের কাদিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ খোকসা তামিম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের প্লে-শ্রেণির শিক্ষার্থী। সে খোকসা উপজেলার বরইচারা গ্রামের রাজিবের ছেলে। জানা যায়, সকালে মায়ের সঙ্গে ভ্যানে করে স্কুলে আসছিল আব্দুল্লাহ।
স্কুলের সামনে নেমে তার মা ভ্যান ভাড়া পরিশোধ করছিলেন। এ সময় আব্দুল্লাহ রাস্তা পার হতে গেলে উপর দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যান তাকে চাপা দেয়। ঘটনাটি তার মায়ের চোখের সামনেই ঘটে, যা মুহূর্তেই হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি করে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও শিক্ষকরা দ্রুত তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে, ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে মা বাকরুদ্ধ হয়ে পড়েন এবং অঝোরে কাঁদতে থাকেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন শিশুটির বাবা রাজিব। সন্তানের নিথর দেহ দেখে তিনি আহাজারি করে ভেঙে পড়েন। স্থানীয়রা জানান, খোকসা বাসস্ট্যান্ড থেকে শোমসপুর সড়কের পাশে প্রায় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সড়কঘেঁষে নিয়ম না মেনে এসব প্রতিষ্ঠান গড়ে ওঠায় এমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে তারা মনে করছেন। খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পরিবারের দাবি, অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
