বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নে অসহায় দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে পরিবার প্রতি ১০ কেজি হারে ভিজিএফ চাল বিতরণ করা হয়। গতকাল শনিবার (২৩ মে ) সকাল ৮টার দিকে চিথলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণ অনুষ্ঠিত হয়। বিতরণকালে দুপুর ১২টার দিকে পরিদর্শন করেন, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। ভুক্তভোগীদের মাঝে সঠিক মাপে চাল বিতরণ সম্পন্ন করার নির্দেশা দেন তিনি।
শুরুতে সকালে বিতরনের শুভ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বাবলু। এসময় ইউপি প্রশাসনিক কর্মকর্তা শামীম খান, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর রেজা আহাম্মেদ জয়, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে, এ ইউনিয়নে ৬৬৫ জন ভুক্তভোগীর মাঝে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। চাল বিতরণের সময় সার্বিক কাজে সহায়তা করেন ইউনিয়নের সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশগন।
এসময় চিথলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শামীম খান বলেন, পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ইউনিয়নের দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। ভুক্তভোগীরা ১০ কেজি চাল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়া চেয়ারম্যান এনামুল হক বাবলু বলেন, সরকারের এই ভিজিএফ কর্মসূচি দরিদ্র ও অসহায় মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে।
বিশেষ করে উৎসব ও দুর্যোগের সময় এসব খাদ্য সহায়তা মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করে। এদিকে উপকারভোগীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সরকারি এই সহায়তা তাদের জন্য অনেক উপকারী। তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় প্রশাসন জানায়, স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
