সবুজ আলী, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলা অডিটোরিয়ামে গতকাল মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দ্যা হলি কুরআন ইনস্টিটিউটের প্রথম সেমিস্টারের পরীক্ষার ফলাফল প্রকাশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ।
অনুষ্ঠানে প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। একই সঙ্গে বিভিন্ন ক্রীড়া, মেধা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও মোট ৩৭৪ জন শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খোকসা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হামিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হুজ্জাতুল ইসলাম, সেক্রেটারি মুস্তাফিজুর রহমানসহ শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হাবিবুর রহমান।
বক্তারা শিক্ষার্থীদের সুন্দর চরিত্র গঠন, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। সাংস্কৃতিক পর্বে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা গজল ও কেরাত পরিবেশন করে। এসময় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।









